বিশেষ প্রতিনিধি, nipon।।
জাতীয় সংসদে সংসদ সদস্যদের জন্য দীর্ঘদিনের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে ‘সংসদ সদস্য পারিতোষিক ও ভাতাদি সংশোধন বিল-২০২৬’ কণ্ঠভোটে পাস হয়েছে।
রোববার ( ২৬ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে এ প্রস্তাব পাস করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে এই সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে ‘দ্য মেম্বার্স অব পার্লামেন্ট (রেমিউনারেশন অ্যান্ড অ্যালাওয়েন্সেস) (সংশোধন) আদেশ ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় এবং সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রিসভার অনুমোদনের পর বিষয়টি জাতীয় সংসদে বিল আকারে উত্থাপন করা হলে তা কণ্ঠভোটে পাস হয়। গেজেট প্রকাশের পর নতুন আইনটি কার্যকর হবে।
উল্লেখ্য, এর আগে ‘দ্য মেম্বার্স অব পার্লামেন্ট (রেমিউনারেশন অ্যান্ড অ্যালাওয়েন্সেস) অর্ডার, ১৯৭৩’-এর আওতায় সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা ভোগ করতেন। নতুন সংশোধনের ফলে সেই সুবিধা সম্পূর্ণভাবে বাতিল করা হলো।
হাফিজ/ আয়না নিউজ