বিশেষ প্রতিনিধি, nipon।।
টানা দাবদাহের পর অবশেষে রাজধানী ঢাকায় স্বস্তির বৃষ্টি দেখা দিয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলের পর থেকে শহরের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি শুরু হয়, যা গরমে অতিষ্ঠ নগরবাসীর মাঝে স্বস্তি ফিরিয়ে আনে।
পুরান ঢাকার সূত্রাপুর, বংশাল, মাতুয়াইল, রামপুরা, বাড্ডা,শ্যমলী ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি থেকে হালকা বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।
বিকেল ৩টার পর থেকেই আকাশে মেঘ জমতে শুরু করে এবং ধীরে ধীরে বৃষ্টি নামে। অনেককেই বৃষ্টিতে ভিজে স্বস্তি উপভোগ করতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে সেই মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেছেন।
আবহাওয়া অধিদপ্তর আগেই পূর্বাভাস দিয়েছিলো যে, এই বৃষ্টি ধীরে ধীরে পুরো ঢাকাজুড়ে ছড়িয়ে পড়তে পারে। সংস্থাটির ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে রবিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসেও বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়।
গত কয়েক দিন ধরে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকায় ভ্যাপসা গরমে জনজীবন প্রায় অচল হয়ে পড়েছিল। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, রিকশাচালক, দিনমজুর ও পথচারীদের দুর্ভোগ ছিল চরমে। এই পরিস্থিতিতে আকস্মিক বৃষ্টি কিছুটা স্বস্তি এনে দিয়েছে।
চলতি বছর বৈশাখের শুরুটা ছিল বৃষ্টিহীন। মার্চ মাস থেকে দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক দফা তাপপ্রবাহ বয়ে গেছে, যা মানুষের জীবনে চরম দুর্ভোগ ডেকে আনে। তবে এই বৃষ্টির পর রাজধানীর আবহাওয়া কিছুটা শীতল হয়েছে, ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নগরবাসী।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী দিনগুলোতেও মাঝে মাঝে বৃষ্টিপাত হতে পারে, যা তাপমাত্রা আরও কমাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
হাফিজ/ আয়না নিউজ