বিশেষ প্রতিনিধি, nipon।।
নাটোরের গুরুদাসপুরে এক চাঞ্চল্যকর ঘটনায় ৭ বছরের এক শিশুকে ২১ বছর বয়স দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার বাদীকে আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।
ভুক্তভোগী শিশুটি গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের উদবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
আদালত ও আইনজীবী সূত্রে জানা যায়, রোববার দুপুরে ওই শিশু স্কুলের পোশাক পরে শিশু আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে। শুনানিকালে জেলা ও দায়রা জজ মুহাম্মদ রফিকুল ইসলাম আসামির বয়স নিয়ে সন্দেহ প্রকাশ করেন। পরে কাগজপত্র ও জন্মনিবন্ধন যাচাই করে নিশ্চিত হওয়া যায়, শিশুটির প্রকৃত বয়স ৭ বছর ৭ মাস ২ দিন।
বিচারক মামলার এজাহারে তার বয়স ২১ বছর উল্লেখ থাকায় বিস্ময় প্রকাশ করেন এবং ৫০০ টাকা জামানতে তাকে জামিন দেন। একই সঙ্গে মামলার বাদী শাহানুর রহমানকে পরবর্তী তারিখে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী শামীম উদ্দীন প্রামাণিক বলেন, “বাদী আক্রোশবশত শিশুটির বয়স ভুলভাবে উল্লেখ করেছেন। জন্মনিবন্ধন যাচাইয়ের পর আদালত জামিন দিয়েছেন এবং বাদীকে তলব করেছেন।”
শিশুটির বাবা অভিযোগ করে বলেন, তার ছেলে ঘটনার সঙ্গে জড়িত নয় এবং ঘটনার দিন সে স্কুলে ক্লাসে ছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষকও বিষয়টি লিখিতভাবে নিশ্চিত করেছেন।
তবে মামলার বাদী শাহানুর রহমান পরে স্বীকার করেন, বয়স অনুমান করে লেখা হয়েছিল, যদিও পরে তিনি এ বিষয়ে আর মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ওসি মনজুরুল আলম বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। এজাহারে বয়স উল্লেখের কারণে বিভ্রান্তি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
রাশিদুল/ হাফিজ/ আয়না নিউজ