বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
ঈদুল আজহা উপলক্ষে সাশ্রয়ী মূল্যে প্রায় ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির লক্ষ্যে শুরু হতে যাচ্ছে টিসিবির ট্রাকসেল কার্যক্রম।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল সোমবার ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
কার্যক্রম অনুযায়ী, সারাদেশে মোট ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ১১ থেকে ২১ মে পর্যন্ত (শুক্রবার ব্যতীত) ১০ দিন ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। এই ট্রাকসেলের মাধ্যমে প্রায় ২৮ লাখ ৮০ হাজার উপকারভোগীর কাছে পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
টিসিবির উপপরিচালক (বাণিজ্যিক) মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত নথি অনুযায়ী, সরকারি নির্দেশনায় নিম্নআয়ের কার্ডধারী পরিবারের পাশাপাশি সাধারণ ভোক্তারাও ট্রাক থেকে নির্ধারিত পরিমাণে পণ্য কিনতে পারবেন।
নির্ধারিত দামে প্রতি লিটার সয়াবিন তেল ১৩০ টাকা, প্রতি কেজি চিনি ৮০ টাকা এবং প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকা দরে বিক্রি করা হবে। একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার তেল, ১ কেজি চিনি ও ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।
হাফিজ/ আয়না নিউজ