বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার সিদ্ধান্তকে “গুরুতর আদালত অবমাননা” বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ শিশির মনির। তিনি জানিয়েছেন, এ সিদ্ধান্তের বিরুদ্ধে শিগগিরই আদালত অবমাননার আবেদন করা হবে।
বুধবার (২০ মে) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
শিশির মনির বলেন, সর্বোচ্চ আদালতের নির্দেশে সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন করা হয়েছিল এবং বিষয়টি এখনো বিচারাধীন। এমন অবস্থায় সচিবালয় বিলুপ্ত করা ও কর্মকর্তাদের সরিয়ে নেওয়া “সিরিয়াস আদালত অবমাননা” বলে তিনি দাবি করেন।
তিনি আরও জানান, আমরা আগামীকাল সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করব।
এর আগে মঙ্গলবার (১৯ মে) সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে এর সিনিয়র সচিবসহ ১৫ জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফেরত নেয়া হয়। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এ বিষয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সংশ্লিষ্ট সদস্যদের পরবর্তী পদায়নের জন্য পুনরাদেশ না দেয়া পর্যন্ত আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে কর্মকর্তাদের নাম, সাবেক পদ এবং নতুন সংযুক্ত পদ উল্লেখ করা হয়েছে।
হাফিজ/ আযনা নিউজ