বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
দেশে হামের প্রাদুর্ভাব আগের তুলনায় কমেছে এবং খুব দ্রুত সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় টিকার ব্যবস্থা করেছে এবং আক্রান্তদের চিকিৎসাসেবাও জোরদার করা হয়েছে।
বুধবার (২০ মে) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং হাসপাতালের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।
স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্যখাতে ব্যাপক অনিয়ম ও লুটপাট হয়েছে। তিনি বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে স্বাস্থ্যখাত নানা সংকটের মুখে পড়েছে। তবে বর্তমান সরকার পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংযোজন ও ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
এ সময় হাসপাতালের কর্মকর্তা, চিকিৎসক ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাফিজ/ আয়না নিউজ