বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকায় ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস। এ উপলক্ষে লাল, সাদা ও নীল রঙে সাজানো ৫০টি বিশেষ রিকশার উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন ক্রিস্টেনসেন।
বুধবার (২০ মে) রাজধানীর একটি অনুষ্ঠানে এসব বিশেষ রিকশার উদ্বোধন করা হয়। রিকশাগুলোতে যুক্তরাষ্ট্রের পতাকার রঙ এবং দুই দেশের বন্ধুত্বের প্রতীকী নানা নকশা ব্যবহার করা হয়েছে। আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশা সংস্কৃতির সঙ্গে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক মাইলফলককে একসঙ্গে তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে বন্ধুত্ব, সংস্কৃতি ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করতেই এই বিশেষ আয়োজন করা হয়েছে। তিনি বলেন, “রিকশা বাংলাদেশের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই রিকশাগুলোর মাধ্যমে দুই দেশের বন্ধুত্বের বার্তা মানুষের কাছে পৌঁছে যাবে।”
মার্কিন দূতাবাস সূত্র জানায়, বিশেষভাবে সাজানো এসব রিকশা আগামী কয়েকদিন রাজধানীর বিভিন্ন এলাকায় চলাচল করবে। এর মাধ্যমে সাধারণ মানুষ যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপনের অংশীদার হতে পারবেন।
অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
হাফিজ/ হাফিজ/ আয়না নিউজ