বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার (২১ মে) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আপিল দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
এর আগে বুধবার এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছিলেন আইনজীবী শিশির মনির। তিনি বলেন, আপিল বিভাগে মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগেই সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করায় হাইকোর্ট বিস্ময় প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিচারাধীন বিষয়ে কার্যক্রম বিলুপ্ত করে সরকার আদালত অবমাননা করেছে।
গত বছরের ২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের সাত আইনজীবীর করা এক রিটের শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। রায়ে সংবিধানের বর্তমান ১১৬ অনুচ্ছেদকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে ১৯৭২ সালের মূল সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়।
একইসঙ্গে তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দেন হাইকোর্ট। পরে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করতে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ জারি করে অন্তর্বর্তী সরকার।
তবে পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বাধীন সরকার অধ্যাদেশটি বাতিল করে। গত ১৯ মে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত ঘোষণা করা হয়। বিলুপ্তির পর সচিবালয়ের সিনিয়র সচিবসহ মোট ১৫ জন কর্মকর্তাকে পুনরায় আইন মন্ত্রণালয়ে ফিরিয়ে নেওয়া হয়েছে।
হাফিজ/ আয়না নিউজ