বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
শিশু রামিসা হত্যা মামলায় দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি এ ঘটনায় দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস দিয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রধান অভিযুক্ত সোহেল খানকে তার স্ত্রীসহ আটক করা হয়েছে এবং তিনি ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন।
তিনি বলেন, আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করব। বিচার বিভাগের দায়িত্ব আদালতের হলেও জনগণ যেন ন্যায়বিচার পায়, সে বিষয়ে সরকার আন্তরিক।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সাম্প্রতিক সময়ে সংঘটিত বিভিন্ন আলোচিত অপরাধের ক্ষেত্রেও দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। রামিসা হত্যা মামলাতেও দ্রুত বিচার নিশ্চিত করার চেষ্টা চলছে।
আইন সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, কোনো ঘটনার পর আবেগের বশে তড়িঘড়ি করে আইন প্রণয়ন বা নতুন আদালত গঠন সবসময় কার্যকর সমাধান নয়। দীর্ঘমেয়াদি প্রভাব, জনবল ও ব্যয়ের বিষয়গুলো বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নিতে হয়।
তিনি জানান, শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচার দ্রুত করতে বিদ্যমান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের কার্যকারিতা আরও বাড়ানোর বিষয়টি সরকার বিবেচনা করছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, অপরাধ দমনে সরকার প্রো-অ্যাকটিভভাবে কাজ করছে। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধের ঘটনায় পুলিশ দ্রুত ব্যবস্থা নিচ্ছে বলেও দাবি করেন তিনি।
হাফিজ/ আয়না নিউজ