বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামিসা আক্তারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে তিনি ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) রাত ১০টার দিকে মন্ত্রিসভা বৈঠক শেষে রাজধানীর পল্লবীতে রামিসার বাসায় যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি নিহত শিশুর বাবা-মা ও স্বজনদের সঙ্গে কথা বলেন এবং গভীর সমবেদনা জানান।
এ সময় রামিসার বাবার কাঁধে হাত রেখে প্রধানমন্ত্রী বলেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত তদন্ত সম্পন্ন করার নির্দেশনাও দেন।
শোকাহত বাবা-মাকে সান্ত্বনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এক সন্তানকে আল্লাহ নিয়ে গেছেন, আরেক সন্তান আপনাদের কাছে আছে। তার দিকে তাকিয়ে আপনাদের শক্ত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে।”
প্রধানমন্ত্রী আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিতে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমানসহ আরও অনেকে।
হাফিজ/ আয়না নিউজ