বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির কোনো আইনজীবী মামলা পরিচালনা করবেন না বলে জানিয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কালাম খান।
শুক্রবার (২২ মে) সকালে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি। পোস্টে তিনি লেখেন, “ঢাকা বারের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বারের কোনো বিজ্ঞ আইনজীবী রামিসা হত্যা মামলার আসামির পক্ষে মামলা পরিচালনা করবেন না।”
এর আগে গত মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে শিশু রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুমে রাখা একটি বালতির ভেতর থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
পুলিশ জানায়, সকালে বাসা থেকে বের হওয়ার পর রামিসাকে অভিযুক্ত সোহেল রানা নিজের কক্ষে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
ঘটনার পর স্থানীয়রা সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করলেও সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। পরে একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারের পর আদালতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সোহেল রানা বলে জানিয়েছে পুলিশ।
হাফিজ/ আয়না নিউজ