বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে স্বচ্ছতার অনন্য নজির স্থাপন করেছে জেলা পুলিশ। মাত্র ৫৬ টাকা আবেদন ফি দিয়েই বাংলাদেশ পুলিশে চাকরি পেয়েছেন ২৬ জন প্রার্থী। এ নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের আর্থিক লেনদেন, তদবির বা অনিয়মের সুযোগ ছিল না বলে জানিয়েছে জেলা পুলিশ।
জেলা পুলিশের আয়োজনে ২৪ মে পুলিশ লাইন্স ড্রিলশেডে অনুষ্ঠিত হয় নিয়োগ কার্যক্রমের চূড়ান্ত ধাপ—মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা। পরে প্রাথমিকভাবে নির্বাচিত ২৬ জন প্রার্থীর ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
ফলাফল ঘোষণার পর নির্বাচিত প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মো. বেলাল হোসেন।
তিনি বলেন, সম্পূর্ণ স্বচ্ছতা, শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ সম্পন্ন করা হয়েছে। কোনো ধরনের তদবির বা আর্থিক লেনদেন ছাড়াই যোগ্য প্রার্থীদের নির্বাচন করা সম্ভব হয়েছে।
পুলিশ সুপার আরও নবনির্বাচিত সদস্যদের সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে মানবিক পুলিশিং নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সদস্য, বিভিন্ন জেলা থেকে আগত পুলিশ কর্মকর্তারা, ঠাকুরগাঁও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সুজন/ আয়না নিউজ