বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২২৪ শিশু। সোমবার (২৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত হাম এবং হামের উপসর্গ নিয়ে মোট ৫৪৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামজনিত কারণে মৃত্যু হয়েছে ৮৭ জনের। বাকি ৪৫৮ জন শিশু হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে।
একই সময় পর্যন্ত (১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৫ মে সকাল ৮টা) পরীক্ষায় নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়েছে ৮ হাজার ৭১৯ শিশু। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি বা চিকিৎসা নিয়েছে ৬৪ হাজার ৯৪০ শিশু।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ঢাকায় সংক্রমণ ও মৃত্যু সবচেয়ে বেশি। এ বিভাগে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৩৬ হাজার ৭০৬ শিশু এবং মৃত্যু হয়েছে ২৩১ শিশুর।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং আক্রান্ত এলাকাগুলোতে নজরদারি ও চিকিৎসা কার্যক্রম জোরদার করা হচ্ছে।
হাফিজ/ আয়না নিউজ