বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। আগামী রোববার (৩১ মে) তারা আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ওই এলাকায় পরিদর্শনে যাবেন বলে জানা গেছে। সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট ইউনিটের বেশিরভাগ কর্মকর্তার ছুটি বাতিল ও কিছু ক্ষেত্রে ছুটি সংক্ষিপ্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) সকালে চট্টগ্রাম জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সফরের সময় মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে এলাকার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করবেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ বাহিনীর স্থাপিত একটি ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনা ঘটে। এর আগে ওই এলাকায় নির্মাণাধীন একটি আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্পও বুলডোজার দিয়ে ভাঙচুর করা হয়। হামলার সময় সন্ত্রাসীরা একটি সড়ক কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে।
এর আগে গত ১৯ জানুয়ারি একই এলাকায় অভিযান চলাকালে র্যাবের এক সদস্য নিহত হন। পরে ৯ মার্চ সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও এপিবিএনের সমন্বয়ে বড় ধরনের যৌথ অভিযান পরিচালনা করা হয়। এতে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের পর এলাকাটিতে নিরাপত্তা জোরদার করা হয় এবং যৌথ বাহিনীর দুটি স্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়। তবে সাম্প্রতিক সময়ে ওই এলাকায় আবারও উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানিয়েছে।
হাফিজ/ আয়না নিউজ