বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
তৃতীয় বাংলাদেশি নারী ও দেশের অষ্টম পর্বতারোহী হিসেবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন নুরুন্নাহার নিম্নি। বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব নিশ্চিত করেছে, আজ মঙ্গলবার (২৭ মে) ভোর ৫টা ২৪ মিনিটে তিনি সফলভাবে এভারেস্টের চূড়ায় পৌঁছান এবং সেখানে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।
নিম্নির এই অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হলো। এর আগে প্রথম বাংলাদেশি নারী হিসেবে ২০১২ সালের ১৯ মে এভারেস্ট জয় করেন নিশাত মজুমদার। একই বছরের ২৬ মে দ্বিতীয় নারী হিসেবে শৃঙ্গে পৌঁছান ওয়াসফিয়া নাজরীন।
দীর্ঘ ১৪ বছর পর আবারও কোনো বাংলাদেশি নারী এভারেস্ট জয় করলেন নুরুন্নাহার নিম্নি।
জানা যায়, গত ১১ এপ্রিল তিনি নেপালের উদ্দেশে যাত্রা করেন। কাঠমান্ডু ও লুকলা হয়ে পৌঁছান এভারেস্ট বেজক্যাম্পে। চূড়ান্ত অভিযানের অংশ হিসেবে গত ১৭ মে বেজক্যাম্প ছাড়েন তিনি।
তার এই সফল অভিযানকে অভিনন্দন জানিয়েছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব এবং দেশের পর্বতারোহণ অঙ্গনের বিভিন্ন সংগঠন।
হাফিজ/ আয়না নিউজ