বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে ঈদ উদযাপনে ঘরমুখো মানুষের ব্যাপক ভিড় দেখা গেছে। বুধবার (২৭ মে) সকাল থেকে স্টেশনে যাত্রীদের চাপ ক্রমেই বাড়তে থাকে। বিশেষ করে উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে ছিল অতিরিক্ত যাত্রীচাপ।
অনেক যাত্রী অভিযোগ করেন, আগাম টিকিট থাকা সত্ত্বেও তারা নির্ধারিত আসনে বসতে পারেননি। ফলে বাধ্য হয়ে অতিরিক্ত ভিড়ের মধ্যেই দাঁড়িয়ে যাত্রা করতে হয়েছে অনেককে। এ ছাড়া ঝুঁকি নিয়ে কিছু যাত্রী ট্রেনের ছাদে ভ্রমণ করতেও দেখা গেছে।
রেলওয়ে সূত্র জানায়, সকাল ১০টা পর্যন্ত মোট ১৮টি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে গেছে। এর মধ্যে নীলসাগর এক্সপ্রেস প্রায় তিন ঘণ্টা বিলম্বে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন জানান, বৈরী আবহাওয়ার কারণে ট্রেন চলাচল ধীরগতিতে পরিচালিত হচ্ছে। পাশাপাশি যাত্রী ওঠানামার চাপ ও নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত সময় লাগছে।
ট্রেনের ছাদে যাত্রী ভ্রমণের বিষয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে অতিরিক্ত যাত্রীচাপ ও শৃঙ্খলা পরিস্থিতির কারণে অনেক ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে সবাইকে নামানো সম্ভব হচ্ছে না।
তিনি আরও আশা প্রকাশ করেন, দুপুরের পর থেকে যাত্রীচাপ কিছুটা কমে আসবে এবং পরিস্থিতি স্বাভাবিক হবে।
হাফিজ/ আয়না নিউজ