বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
বাড়তি যাত্রীচাপ ও কোরবানির পশু পরিবহনের অতিরিক্ত চাপের মধ্যেও এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ হয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার (২৭ মে) দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।
পরিবহনমন্ত্রী বলেন, দেড় কোটি মানুষের ঘরমুখো যাত্রা এবং বিপুল সংখ্যক কোরবানির পশু পরিবহন সত্ত্বেও সড়ক, রেল ও নৌপথে বড় ধরনের কোনো ভোগান্তি হয়নি।
মন্ত্রী জানান, সরকারের সমন্বিত উদ্যোগ, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কঠোর নজরদারির ফলে যাত্রীরা নির্ধারিত ভাড়ায় নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পেরেছেন। কোথাও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন :
আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর কারণ জানালো কর্তৃপক্ষ
তিনি আরও বলেন, ঈদযাত্রা ব্যবস্থাপনায় নেওয়া ২৬টি বিশেষ সিদ্ধান্ত মাঠ পর্যায়ে বাস্তবায়নের ফলে যানজট ও যাত্রী ভোগান্তি অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। বিশেষ করে মহাসড়ক, যমুনা সেতু ও গুরুত্বপূর্ণ টার্মিনালগুলোতে অতিরিক্ত নজরদারি ছিল।
মন্ত্রী সতর্ক করে বলেন, ঈদযাত্রায় শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও অবৈধ চাঁদাবাজি, অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
বাড়তি ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, কাউন্টার ও বাসস্ট্যান্ডের বাইরে কিছু অসাধু ব্যক্তি সুযোগ নেয়ার চেষ্টা করছে। যাত্রীদের বাড়ি যাওয়ার তাড়াহুড়োকে পুঁজি করে কেউ কেউ বেশি ভাড়া নিচ্ছে। তবে অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হচ্ছে এবং জরিমানাও করা হচ্ছে। যেন অতিরিক্ত ভাড়া আদায় করা না যায়, সে জন্য কঠোর নজরদারি চলছে।
আরও পড়ুন :
সড়কে দুর্বৃত্তায়ন বরদাস্ত করা হবে না: সেতুমন্ত্রী
রেলপথে নারীদের জন্য বিশেষ কোচ সংযোজনের বিষয়ে শেখ রবিউল আলম বলেন, এরইমধ্যে তিনটি আন্তঃনগর ট্রেনে বিশেষ কোচ যুক্ত করা হয়েছে। ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ রুটে এই ব্যবস্থা করা হয়েছে। সব ট্রেনে এখনই এটি সম্ভব হয়নি, কারণ আগেই অধিকাংশ টিকিট বিক্রি হয়ে গেছে এবং পর্যাপ্ত কোচও হাতে নেই। ঈদ উপলক্ষ্যে অতিরিক্ত ৫১টি কোচ এরইমধ্যে যুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও দাবি করেন, গত বছরের তুলনায় এবারের ঈদযাত্রা আরও সুসংগঠিত ও তুলনামূলকভাবে বেশি স্বস্তিদায়ক ছিলো।
হাফিজ/ আয়না নিউজ