বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
মুন্সীগঞ্জের সিরাজদীখানে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টেঁটাবিদ্ধসহ অন্তত দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মঙ্গলবার (২৬ মে) রাত ৮টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়বর্তা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বড়বর্তা এলাকার বাসিন্দা নজরুল ইসলামের পুকুরে কয়েকজন ব্যক্তি টেঁটা দিয়ে মাছ ধরছিলেন। এ সময় নজরুল ইসলামের পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে রায়হান (২১) টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং জোবায়ের শেখ (২২) টেঁটার আঘাতে আহত হন। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রায়হানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় নজরুল ইসলাম বাদী হয়ে সিরাজদীখান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে আটজনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
হাফিজ/ আয়না নিউজ