বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহকে কেন্দ্র করে ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে মহানগরীর প্রায় ১ হাজার ঈদ জামাতে নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন থাকবেন ১ হাজার ৫০০ পুলিশ সদস্য। আর ঈদের দিন পুরো ঢাকাজুড়ে দায়িত্ব পালন করবেন প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য।
বুধবার (২৭ মে) জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
তিনি বলেন, জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ রাজধানীর বিভিন্ন ঈদ জামাতে লাখো মুসল্লির সমাগম হবে। এছাড়া ঈদের ছুটিতে অনেক মানুষ ঢাকা ছাড়ায় নগরীর বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক এলাকা আংশিক ফাঁকা হয়ে পড়বে। সার্বিক পরিস্থিতি, অতীত অভিজ্ঞতা ও সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণ করে ডিএমপি প্রযুক্তিনির্ভর ও বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে।
ডিএমপি কমিশনার জানান, জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদের নামাজ আদায় করবেন।
তিনি আরও বলেন, জাতীয় ঈদগাহে প্রবেশের জন্য মোট পাঁচটি গেট রাখা হয়েছে। এর মধ্যে চারটি পুরুষ এবং একটি নারী মুসল্লিদের জন্য নির্ধারিত। পুরো ঈদগাহ এলাকা ঘিরে ৬ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এছাড়া এসবির সুইপিং টিম ও সিটিটিসির ডগ স্কোয়াডের মাধ্যমে ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ডিএমপি কমিশনার বলেন, পুরো ঈদগাহ এলাকা ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থান সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ডিএমপির অস্থায়ী কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক এসব ক্যামেরা মনিটরিং করা হবে। এছাড়া ঈদগাহের প্রতিটি প্রবেশপথে আর্চওয়ে, হ্যান্ড মেটাল ডিটেক্টর ও ম্যানুয়াল তল্লাশির ব্যবস্থা থাকবে। ঈদগাহ ময়দানের চারপাশে পিকেটিং ও লাইনিং ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
হাফিজ/ আয়না নিউজ