বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
ইরাকে মিসাইল হামলায় নিহত প্রবাসী মোহাম্মদ শ্রাবনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার (২৯ মে) সকালে সরকারি ব্যবস্থাপনায় তার মরদেহ ঢাকায় পৌঁছায়।
ভোর ৫টা ১৫ মিনিটে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
নিহত মোহাম্মদ শ্রাবন মুন্সিগঞ্জ সদর উপজেলার বকুলতলা গ্রামের বাসিন্দা। তিনি মোহাম্মদ নলি মিয়ার ছেলে। জীবিকার সন্ধানে প্রায় ১০ বছর আগে ইরাকের রাজধানী বাগদাদে পাড়ি জমান তিনি। সম্প্রতি বাগদাদে যুদ্ধকালীন পরিস্থিতিতে নিক্ষিপ্ত একটি মিসাইলের আঘাতে তার মৃত্যু হয়।
শ্রাবনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
জানা গেছে, বাগদাদে বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে সরকারি প্রক্রিয়ায় মরদেহ দেশে পাঠানো হয়। গত ২৭ মে সকাল ১০টা ২৫ মিনিটে বাগদাদ বিমানবন্দর থেকে তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে মরদেহটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পরে তুরস্কে দীর্ঘ ২৯ ঘণ্টার ট্রানজিট শেষে শুক্রবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এসময় দাফন-কাফনের জন্য শ্রাবনের পরিবারের হাতে ৩৫ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
হাফিজ/ আয়না নিউজ