বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতাল-এ নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ভেন্টিলেশন ব্যবস্থায় ত্রুটির প্রাথমিক প্রমাণ পেয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর শুক্রবার (২৯ মে) এ তথ্য নিশ্চিত করেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডের পরিবেশ, বায়ু চলাচল এবং ভেন্টিলেশন ব্যবস্থায় ঘাটতি ছিল কি না—তা নিয়ে তদন্তে অসংগতি ধরা পড়েছে। তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী শনিবার (৩০ মে) জমা দেওয়ার কথা রয়েছে।
জানা গেছে, ওই ওয়ার্ডে ১১ জন প্রসূতি মা ও ছয় নবজাতক ভর্তি ছিলেন। গত মঙ্গলবার (২৬ মে) রাতে ওয়ার্ডে ঠান্ডা অনুভূত হওয়ায় এক রোগীর অনুরোধে কিছু সময়ের জন্য এয়ার কন্ডিশনার (এসি) বন্ধ রাখা হয়। পরে গরম বেড়ে গেলে পুনরায় এসি চালু করা হয়।
ঘটনার পরপরই দুই নবজাতক অসুস্থ হয়ে পড়ে এবং তাদের দ্রুত এনআইসিইউতে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। পরবর্তীতে আরও কয়েকজন নবজাতক অসুস্থ হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত ছয় নবজাতকের মৃত্যু হয়।
এ ঘটনায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিবেশগত পরিবর্তন ও ভেন্টিলেশন ব্যবস্থার সমস্যার কারণে জটিলতা সৃষ্টি হতে পারে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করা হয়নি।
স্বজনরা চিকিৎসক ও নার্সদের অবহেলার অভিযোগ তুলেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তসহ দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে স্বাস্থ্য অধিদপ্তর তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
হাফিজ/ আয়না নিউজ