বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি বা দলীয় হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার ( ২৯ মে) সকালে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়কে দেশের উচ্চশিক্ষার সর্বোচ্চ মানে নিয়ে যেতে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।
তিনি বলেন, “বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে দেশের শিক্ষার সর্বোচ্চ স্থানে নিয়ে যেতে হবে। এ জন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে কোনো ধরনের স্বজনপ্রীতি বা রাজনৈতিক প্রভাব বরদাস্ত করা হবে না।”
তিনি আরও বলেন, যোগ্যতার ভিত্তিতেই শিক্ষক নিয়োগ দিতে হবে এবং কোনোভাবেই দলীয় প্রভাবের সুযোগ রাখা যাবে না।
সকালে শহরের তাঁতিপাড়া কালিবাড়ী বড় মাঠের পশ্চিম পাশে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন তিনি। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইসরাফিল শাহীন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
হাফিজ/ আয়না নিউজ