বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
সাতক্ষীরা প্রতিনিধি : বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ মে) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ১নং ভবনের নিচতলায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আকবর আলী। সদস্য সচিব আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমত উল্লাহ পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ।
এছাড়াও বক্তব্য দেন অ্যাডভোকেট তোহা কামাল উদ্দিন হিরা, অ্যাডভোকেট সোহরাব হোসাইন, অ্যাডভোকেট মোস্তফা জামান, অ্যাডভোকেট ফিরোজ আহমেদ, অ্যাডভোকেট শাহরিয়ার হাসিবসহ আইনজীবী ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা এবং জাতীয় উন্নয়নে তার গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তারা তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
মোমিন/ হাফিজ/ আয়না নিউজ