বিশেষ প্রতিনিধি, Md Al Rajib।।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য একটি জাঁকজমকপূর্ণ ও বিশাল রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠানের প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে দেশটির প্রশাসন। তবে শেষকৃত্য অনুষ্ঠানটি ঠিক কোন তারিখে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সময়সূচি ঘোষণা করা হয়নি। শনিবার (৩০ মে) এক বিশেষ প্রতিবেদনে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এই তথ্য নিশ্চিত করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনীর বিমান হামলার প্রথম দফায় ইরানের এই শীর্ষ ধর্মীয় নেতা নিহত হন। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ রাষ্ট্রীয় ও ধর্মীয় নেতা ছিলেন খামেনী।
যুদ্ধ পরিস্থিতির ভয়াবহতার কারনে খামেনির রাষ্ট্রীয় জানাজা আয়োজনের প্রক্রিয়াটি বারবার পিছিয়ে দিতে বাধ্য হয় ইরান সরকার। এর আগে এপ্রিল মাসে তার স্মরণে তেহরানে একটি বিশেষ শ্রদ্ধা অনুষ্ঠান আয়োজন করা হলেও যুদ্ধ পরিস্থিতির কারণে কোনো পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় জানাজা বা দাফন প্রক্রিয়া সম্পন্ন করা যায়নি।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই জানাজা ও স্মরণসভা সফলভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে একটি বিশেষ উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। তেহরানের ইসলামি প্রচার সমন্বয় পরিষদের প্রধান মহসেন মাহমুদি রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানান, বিভিন্ন সরকারি সংস্থা ও সংশ্লিষ্ট দপ্তরগুলো এই জানাজা আয়োজনের জন্য মাঠপর্যায়ের প্রস্তুতিমূলক কাজ শুরু করে দিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আরও জানিয়েছে, সরকারের বিভিন্ন সংস্থা অনুষ্ঠানস্থলের সার্বিক নিরাপত্তা ও প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করার পর এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটবে বলে আশা করছে দেশটির কর্তৃপক্ষ। এদিকে গত এপ্রিল মাস থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এখনো মোটামুটিভাবে বহাল থাকলেও ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান ভূরাজনৈতিক সংঘাতের কোনো স্থায়ী সমাধান বা চূড়ান্ত সমঝোতা এখনো সম্ভব হয়নি।
সূত্র: টাইমস অব ইসরায়েল
আল রাজীব/ আয়না নিউজ