বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
দীর্ঘ ফ্যাসিবাদের জাঁতাকলে পিষ্ট হয়ে আমরা গত ১৭ বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী স্বাভাবিকভাবে পালন করতে পারিনি বলে জানিয়েছেন, বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৩০ মে) বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধি জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ সময়ের রাজনৈতিক বাস্তবতায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর শাহাদাতবার্ষিকী স্বাভাবিকভাবে পালন করা সম্ভব হয়নি। আজ আমরা অনেক বেশি স্বাধীনভাবে এখানে এসে আমাদের প্রিয় নেতাকে স্মরণ করার সুযোগ পেয়েছি।
তিনি বলেন, জিয়াউর রহমান পুরনো ব্যবস্থার পরিবর্তে আধুনিক রাষ্ট্র পরিচালনা ও সুশাসনের ভিত্তি স্থাপন করেছিলেন। তার উন্নয়ন ও অগ্রগতির দর্শন আজও সমানভাবে প্রাসঙ্গিক।
বিএনপি মহাসচিব বলেন, আজ তারই যোগ্য পুত্র তারেক রহমান সেই আদর্শ ও পথনির্দেশনা অনুসরণ করে এগিয়ে যাচ্ছেন। আমরা বারবার শহীদ জিয়াউর রহমানকে স্মরণ করতে চাই এবং তার আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে চাই।
তিনি দাবি করেন, দেশের চলমান সংস্কার কার্যক্রমও জিয়াউর রহমানের রাষ্ট্রচিন্তা ও উন্নয়ন দর্শনকে সামনে রেখেই পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও সেই পথ অনুসরণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
হাফিজ/ আয়না নিউজ