বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
চলতি হজ মৌসুমে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে এখন পর্যন্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টাল আইটি হেল্পডেস্ক।
হজ বুলেটিনে জানানো হয়, মৃতদের মধ্যে ২৪ জন পুরুষ এবং ১৩ জন নারী। এর মধ্যে মক্কায় ২৭ জন এবং মদিনায় ১০ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। জেদ্দা, মিনা, আরাফা ও মুজদালিফায় কোনো বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেনি।
এদিকে পবিত্র হজ পালন শেষে বাংলাদেশি হাজিদের দেশে ফেরার কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৩০ মে) দিবাগত রাত ৩টা পর্যন্ত ১৫টি ফিরতি ফ্লাইটে মোট ৬ হাজার ১৭৫ জন হাজি দেশে ফিরেছেন।
প্রথম ফিরতি ফ্লাইট (এসভি-৫৮০৬) স্থানীয় সময় রাত ২টা ৪ মিনিটে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে। ফ্লাইটটি বাংলাদেশ সময় সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪১৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৭৫৯ জন রয়েছেন। এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্সের মাধ্যমে মোট ১৫টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে।
চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়। হজের প্রথম ফ্লাইট গিয়েছিল ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট ছিল ২১ মে। ফিরতি হজ ফ্লাইট চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।
হাফিজ/ আয়না নিউজ