বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল আলিমকে আটকের প্রতিবাদে থানা ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় জনতা।
সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে মানিকগঞ্জ সদর থানার সামনে শতাধিক নারী-পুরুষ জড়ো হয়ে এ কর্মসূচি পালন করেন। এ সময় তারা আব্দুল আলিমের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে সদর উপজেলার উত্তর পুটাইল এলাকায় কথিত ডাকাত সজীব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ সাবেক ইউপি সদস্য আব্দুল আলিমকে আটক করে।
আটকের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর একটি অংশ থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি শুরু করে। বিক্ষোভকারীদের দাবি, আব্দুল আলিম একজন জনপ্রিয় ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তি। তাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে বলে তারা অভিযোগ করেন এবং সুষ্ঠু তদন্তের দাবি জানান।
এদিকে একই এলাকায় কয়েকদিন আগে ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনা ঘটে। তবে স্থানীয়দের একাংশ দাবি করছে, আব্দুল আলিম ওই ঘটনার সঙ্গে জড়িত নন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন বলেন, গত ৩০ মে দিবাগত রাতে উত্তর পুটাইল এলাকায় সজীব হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে আব্দুল আলিমকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে এবং এর সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদর থানার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শাহীন/ হাফিজ/ আয়না নিউজ