বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার ৭ বছর বয়সী শিশু রামিসা আক্তারের বাবা আব্দুল হান্নান মোল্লা হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (১ জুন) দুপুরে বুকে ব্যথা শুরু হলে স্বজনরা তাকে দ্রুত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরে চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করেন।
হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. মেহেদী হাসান জানান, রোগী বর্তমানে সিসিইউ-১ এ ভর্তি আছেন। প্রাথমিক পরীক্ষায় তার হার্ট অ্যাটাকের কোনো আলামত পাওয়া যায়নি। তবে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে আব্দুল হান্নান মোল্লার অসুস্থতার খবর পেয়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর পল্লবীতে ৭ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় সোহেল রানা (৩২) ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
হাফিজ/ আয়না নিউজ