বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
পাবনার পদ্মা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরীর হাত বাঁধা বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ মে) সকাল ১০টার দিকে সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের বলরামপুর পীরপুর সংলগ্ন পদ্মা নদীর তীর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কিশোরীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। তার বয়স আনুমানিক ১৪ থেকে ১৬ বছর বলে ধারণা করা হচ্ছে। মরদেহের গলায় একটি রূপার চেইন পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পদ্মা চরে কৃষকেরা কাজে যাওয়ার সময় নদীর তীরে বাঁধা নৌকার পাশে একটি বস্তা ভাসতে দেখেন। পরে তারা কাছে গিয়ে বুঝতে পারেন ভেতরে মরদেহ রয়েছে। কাঁচি দিয়ে বস্তা খুললে একটি কিশোরীর মরদেহ দেখতে পান তারা এবং সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন।
এর আগে মঙ্গলবার (২ মে) রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকায় একটি প্রাইভেটকারে চারজন অজ্ঞাত যুবককে দেখা যায় বলে দাবি করেন স্থানীয়রা। তাদের ধারণা, প্রাইভেটকারটি নদীর তীর থেকে বলরামপুরের দিকে যাওয়ার সময় নষ্ট হয়ে যায় এবং পরে স্থানীয়দের সহায়তায় সেটি ঠেলে সরানো হয়।
স্থানীয়দের সন্দেহ, ধর্ষণের পর হত্যার মাধ্যমে মরদেহটি বস্তাবন্দি করে নদীতে ফেলে দেওয়া হতে পারে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এখনো নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। হত্যার কারণও নিশ্চিত নয়। তবে পুলিশ ঘটনাটির রহস্য উদঘাটনে কাজ করছে।
হাফিজ/ আয়না নিউজ