বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ও তেবারিয়া ইউনিয়নের রামেশর এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রির অভিযোগে হোসেন নামের এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধ কাজে ব্যবহৃত দুটি এক্সকাভেটর (ভেকু) জব্দ করে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাহার আলীর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে কৃষিজমি কেটে মাটি বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে লক্ষীপুর খোলাবাড়িয়া গ্রামের মৃত জয়নাল আলীর ছেলে হোসেনকে তাৎক্ষণিকভাবে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
এ সময় ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ, যার মধ্যে ৫টি ব্যাটারি ও ভেকুর অংশবিশেষও জব্দ করা হয়। পরে দুটি ভেকু বিনষ্ট করা হয়।
অভিযানে নাটোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ আহম্মেদসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি আনসার ব্যাটালিয়নের সদস্যরা অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ফসলি জমি রক্ষায় অবৈধভাবে পুকুর খনন ও কৃষিজমির মাটি কেটে বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সান্টু/ হাফিজ/ আয়না নিউজ