বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষণা অনুযায়ী পাইকারি পর্যায়ে গড়ে ১৯.৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে গড়ে ১৬.৬৮ শতাংশ দাম বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে সঞ্চালন চার্জও ২৩.৯৬ শতাংশ বাড়ানো হয়েছে।
বুধবার (৩ জুন) এক সংবাদ সম্মেলনে এ মূল্যবৃদ্ধির ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
ঘোষণা অনুযায়ী, গ্রাহক পর্যায়ে সর্বনিম্ন লাইফলাইন গ্রাহকের জন্য বিদ্যুতের দাম ১৫ শতাংশ এবং সর্বোচ্চ পর্যায়ে ১৯.৯৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এতে সাধারণ গ্রাহকদের বিদ্যুৎ ব্যয় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
নতুন দরে পাইকারি বিদ্যুতের বর্তমান ইউনিট মূল্য ৭.০৪ টাকা থেকে বাড়িয়ে গড়ে ৮.৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সঞ্চালন খরচও ইউনিট প্রতি ৩১ পয়সা থেকে বাড়িয়ে প্রায় ৩৯ পয়সা করা হয়েছে।
বিদ্যুতের এই মূল্যবৃদ্ধি কার্যকর হলে শিল্প, বাণিজ্য এবং আবাসিক খাতে খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
হাফিজ/ আয়না নিউজ