বিশেষ প্রতিনিধি, Surjoy Karmaker।।
জনদুর্ভোগ লাঘব এবং সাধারণ মানুষের আর্থিক চাপ কমাতে বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ বা মিটার ভাড়া প্রত্যাহার করেছে সরকার। গ্রাহকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এই জনবান্ধব পদক্ষেপ বাস্তবায়ন করেছে।
বুধবার (৩ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।
পোস্টে বলা হয়, বিএনপি সরকারের ১০০ দিন-জনদুর্ভোগ লাঘবে প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে। প্রিপেইড মিটারের অতিরিক্ত এই চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছিলো।
উল্লেখ্য, বর্তমানে প্রিপেইড মিটারের গ্রাহকদের প্রতি কিলোওয়াটের জন্য মাসিক ৪২ টাকা ডিমান্ড চার্জ এবং সিঙ্গেল-ফেজ মিটারের ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ টাকা পর্যন্ত মিটার ভাড়া দিতে হয়। এর সঙ্গে ৫ শতাংশ ভ্যাট যুক্ত করা হতো।
উল্লেখ্য, এর আগে গত ২৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছিলেন, বিদ্যুতের প্রিপেইড মিটারে মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহার করা হবে।
সূর্যয় / আয়না নিউজ