বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
ভারতের বিহার রাজ্যের মুজাফফরপুরে একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত চারজন রোগীর মৃত্যু হয়েছে। বুধবার ভোরে প্রসাদ হাসপাতালের পঞ্চম তলার ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) এ ঘটনা ঘটে।
স্থানীয় সময় ভোর ৩টা ৫৫ মিনিটে দমকল বিভাগ জরুরি ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন লাগার পর আইসিইউ থেকে প্রায় ১৫ থেকে ২০ জন রোগীকে উদ্ধার করা হয়। আহত ও অসুস্থদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মুজাফফরপুর দমকল বিভাগের কর্মকর্তা রাম নিবাস পান্ডে জানান, উদ্ধার করা রোগীদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। পরে আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া যায়। তবে উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট সুব্রত কুমার সেন বলেন, আইসিইউতে অন্তত ১৩ জন রোগী ভর্তি ছিলেন। পাশাপাশি সিসিইউতেও কয়েকজন রোগী চিকিৎসাধীন ছিলেন। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
আরও পড়ুন :
দিল্লির হোটেলে ভয়াবহ আগুন : ২১ জনের মৃত্যু
এদিকে, দিল্লিতে ভয়াবহ হোটেল অগ্নিকাণ্ডের একদিনের মাথায় বিহারের এই দুর্ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বুধবার দক্ষিণ দিল্লির মালভিয়া নগরের ‘ফ্লোরিশ স্টে’ নামের একটি হোটেলে আগুন লেগে অন্তত ২১ জন নিহত এবং ২৬ জন আহত হন।
দিল্লি পুলিশের তথ্যমতে, হোটেলটিতে প্রবেশ ও বের হওয়ার জন্য মাত্র একটি পথ ছিল। অধিকাংশ জানালা স্থায়ীভাবে বন্ধ থাকায় এবং প্রধান দরজা সেন্সরনিয়ন্ত্রিত হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার পর অতিথিদের বের হওয়ার সুযোগ সীমিত হয়ে পড়ে।
হাফিজ/ আয়না নিউজ