বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের নৌবাহিনী। তেহরানের অভিযোগ, জাহাজটি ইরানি বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে পরিচালিত মার্কিন অভিযানের অংশ হিসেবে কাজ করছিল। তবে যুক্তরাষ্ট্র এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, ইরান ‘মিথ্যা তথ্য’ ছড়াচ্ছে।
বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, বুধবার (৩ জুন) ইরানের নৌবাহিনী এক বিবৃতিতে দাবি করে, ওমান উপসাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজকে লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে।
ইরানের নৌবাহিনীর জনসংযোগ বিভাগ জানায়, মার্কিন ওই যুদ্ধজাহাজটি ইরানি বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে পরিচালিত অভিযানের ‘কমান্ড ও কন্ট্রোল সেন্টার’ হিসেবে কাজ করছিল। এছাড়া হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসী তৎপরতা’ এবং আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘনের অভিযোগও আনা হয়।
বিবৃতিতে বলা হয়, ইরানের আঞ্চলিক জলসীমার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে মার্কিন ডেস্ট্রয়ারটিকে শনাক্ত করে তাদের নৌবাহিনী। পরে ‘শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাব’ হিসেবে ওই যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
আরও পড়ুন :
ইরানের নিখুঁত হামলায় ২০ মার্কিন সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত
ইরান আরও জানিয়েছে, অঞ্চলজুড়ে ‘মার্কিন-জায়নবাদী তৎপরতা’ পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও প্রয়োজন হলে পাল্টা ব্যবস্থা নেয়া হবে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের দাবি সরাসরি অস্বীকার করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় সেন্টকম জানায়, “ইরান মিথ্যা বলছে। সমুদ্রে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ নিরাপদ রয়েছে এবং স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে।”
ঘটনাটি ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
হাফিজ/ আয়না নিউজ