বিশেষ প্রতিনিধি, Farhana Ahmed।।
টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের বাংলাদেশ শুরায়ী নেজামের ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ফজরের নামাজের পর আনুষ্ঠানিকভাবে এ ইজতেমা শুরু হয়।
আয়োজকরা জানিয়েছেন, আগামী ২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরের আগেই জোড় ইজতেমা শেষ হবে।
বাংলাদেশ শুরায়ী নেজামের শীর্ষ মুরুব্বি হাফেজ মাওলানা জোবায়ের আহমদের অনুসারি গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, মূল বিশ্ব ইজতেমার প্রস্তুতির অংশ হিসেবে প্রতিবছরই ৪০ দিন আগে জোড় ইজতেমা আয়োজন করা হয়।
তিনি বলেন, এই আয়োজনের মাধ্যমে দেশ-বিদেশের চিল্লাধারী মুসল্লিরা সারা বছরের কাজের রিপোর্ট পেশ করা ও বয়োজ্যেষ্ঠদের পরামর্শ নেওয়ার সুযোগ পান।
এদিকে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মো. হারুন অর রশিদ জানান, জোড় ইজতেমাকে ঘিরে মুসল্লিদের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুরো এলাকা নজরদারির আওতায় রাখা হয়েছে।