প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 01-12-2025 ইং
সংবাদ শিরোনামঃ খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন: প্রস্তুত রাখা হয়েছে আইসিইউ
বিশেষ প্রতিনিধি, nipon।।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। হাসপাতালে পাঁচ দিন থাকার পর সোমবার দুপুরে তার শারীরিক অবস্থার হালকা অবনতি দেখা দিয়েছে। একথা জানিয়েছেন, মেডিকেল বোর্ডের সদস্যরা।
চিকিৎসকরা জানিয়েছেন, রোববার রাত থেকে খালেদা জিয়াকে ৮-১০ লিটার অক্সিজেন দেওয়া হয়েছে। পরিস্থিতির কারণে হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) প্রস্তুত রাখা হয়েছে। তবে তাকে আইসিইউতে নেওয়া হয়নি।
মেডিকেল বোর্ডের একজন সদস্য জানিয়েছেন, ম্যাডামের অবস্থার হালকা অবনতি হয়েছে। আইসিইউতে নেওয়া হয়নি, তবে সেখানে সব ধরনের সাপোর্ট প্রস্তুত রাখা হয়েছে। বর্তমানে ম্যাডামকে আরও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সবাই দোয়া করবেন।
এদিকে দলটির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান জানান, খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। খুবই ডিপ কন্ডিশনে। এর ব্যাখ্যাটা আপনাদের কাছে দিতে চাই না। এটাকে আপনারা ভেন্টিলেশন বা খুব ডিপ কন্ডিশন বলতে পারেন।
গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। এরপর মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ ডাক্তারও বোর্ডে যুক্ত হয়েছেন, যেখানে খালেদা জিয়া গত জানুয়ারিতে চিকিৎসা নিয়েছিলেন। এছাড়া যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হসপিটালের চিকিৎসকরাও ভার্চুয়ালি বৈঠকে অংশ নিচ্ছেন। মেডিকেল বোর্ড প্রতিদিন খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত নতুন করণীয় নিয়ে আলোচনা করছে।