বিশেষ প্রতিনিধি, nipon।।
মাদারীপুরের শিবচরে ঢাকা–ভাঙা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ সেতুর কাছে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।
শিবচর থানার অফিসার ইনচার্জ ( ওসি ) জরিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, রাজধানী ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস আড়িয়াল খাঁ ব্রিজে পৌঁছালে একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত অন্তত ১৭ জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে আরও দুজন মারা যান।
দুর্ঘটনার কারণে মহাসড়কের ঢাকাগামী লেনে যানবাহন চলাচল কিছুটা বিঘ্নিত হয়েছে।
মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।