বিশেষ প্রতিনিধি, nipon।।
রাজশাহীতে বাসে সিট সংক্রান্ত তর্কের জেরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলা হলে আলাউদ্দিন ইসলাম টগর (৩৫) আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ঘটনা ঘটে রোববার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহী নগরীর লিলিহলের বাঁশের আড্ডা এলাকায়। টগর ও তার বোন রুমি খাতুন (২৮) গোদাগাড়ী যাচ্ছিলেন। বাসে সিট না থাকায় তারা নেমে যেতে চাইলেও সুপারভাইজার বাধা দেন। একপর্যায়ে টগরকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তার মৃত্যু হয়।
নিহতের পরিবার জানায়, টগর তার বোনকে বাসে তুলে দিচ্ছিলেন। বাসে সিট না থাকায় টগরের এবং সুপারভাইজারের মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, তার ঘাড়ে গুরুতর আঘাত লেগেছিল।
রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, ঘটনাটি আসলে সিট এবং সময়সূচি নিয়ে তর্কের ফলাফল।
কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল বারী বলেন, বাস থেকে যাত্রী ফেলে দেওয়ার ঘটনায় আলাউদ্দিনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় সোমবার (১ ডিসেম্বর) রাতে নিহতের ভাই দুলাল হোসেন বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে। আর বাসটি জব্দ করা হয়েছে। এছাড়া নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থাগ্রহণ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।