বিশেষ প্রতিনিধি, nipon।।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আজ বুধবার, ৩ ডিসেম্বর, সকাল থেকেই দেখা গেছে সাধারণ দিনের তুলনায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কেন্দ্র করে হাসপাতাল এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির দুই প্লাটুন সদস্য।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন জানান, সার্বিক নিরাপত্তার স্বার্থে বিজিবির একটি প্লাটুন হাসপাতালের মূল ফটকে অবস্থান করছে, আরেকটি প্লাটুন টহল দিচ্ছে আশপাশের এলাকায়।
এর আগে, সোমবার রাত থেকেই নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে পুলিশ ব্যারিকেড বসায়। উদ্দেশ্য ছিল অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা এবং ভিড় নিয়ন্ত্রণে রাখা। তবে আজ সকাল থেকেই নানা এলাকা থেকে বিএনপির অনেক নেতা–কর্মী হাসপাতালে এসে জড়ো হচ্ছেন। ব্যারিকেডের বাইরে নির্দিষ্ট এলাকায় তারা অবস্থান করছেন।
নেতা–কর্মীরা জানান, ভিড় এড়াতে দলীয়ভাবে নির্দেশনা থাকলেও খালেদা জিয়ার শারীরিক অবস্থার উদ্বেগ তাদের টেনে এনেছে হাসপাতালে।
এদিকে, খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ বা ভিভিাইপি হিসেবে ঘোষণা করার পর গতকাল দুপুর ২টা ২০ মিনিটে তার নিরাপত্তার দায়িত্ব নেয় স্পেশাল সিকিউরিটি ফোর্স—এসএসএফ। ফলে বর্তমানে পুলিশ, এসএসএফ ও বিজিবির যৌথ উপস্থিতিতে পুরো হাসপাতাল এলাকা সতর্ক পরিবেশে রয়েছে।