বিশেষ প্রতিনিধি, nipon।।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া এক দিন পিছিয়ে গেছে। শুক্রবার ( ৫ ডিসেম্বর ) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আজ ঢাকায় পৌঁছানোর কথা ছিল, তা কারিগরি সমস্যার কারণে উড়তে পারেনি।
মির্জা ফখরুল বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার ঢাকায় আসতে পারে। তবে খালেদা জিয়া ঠিক কখন লন্ডনের উদ্দেশে রওনা দেবেন, তা নির্ভর করবে তার বর্তমান শারীরিক অবস্থা এবং মেডিকেল বোর্ডের সম্মিলিত সিদ্ধান্তের ওপর।
তিনি আরও জানান, ম্যাডামের শরীর যদি যাত্রার উপযোগী থাকে এবং মেডিকেল বোর্ড অনুমতি দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ তারিখ ফ্লাই করবেন।
এদিকে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলমান থাকলেও তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বৃহস্পতিবার রাতেই ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। ঢাকায় পৌঁছে তিনি সরাসরি এভার কেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন এবং প্রাথমিক কয়েকটি স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষাও সম্পন্ন হবে বলে জানিয়েছে দলের একটি সূত্র।
অন্যদিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতেই লন্ডনে নেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে বৃহস্পতিবার তিন দফায় ভার্চ্যুয়াল বৈঠক হয়েছে। যুক্তরাজ্য ও চীনের চিকিৎসকরাও সশরীরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করেছেন।