বিশেষ প্রতিনিধি, nipon।।
দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ বাড়তে পারে। ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ, চীনসহ কয়েকটি দেশকে নিয়ে একটি নতুন আঞ্চলিক জোট গঠনের পরিকল্পনা করছে পাকিস্তান এমন ইঙ্গিত মিলেছে দেশটির পররাষ্ট্র নীতি বিশ্লেষকদের কাছ থেকে।
পাকিস্তানের নীতিনির্ধারকেরা মনে করছেন, বর্তমান আঞ্চলিক সংগঠন সার্ক ভারতের নেতৃত্বে কার্যত অচল হয়ে গেছে। এর বিকল্প হিসেবে পাকিস্তান এমন একটি নতুন প্ল্যাটফর্ম চায় যেখানে অর্থনৈতিক সহযোগিতা, নিরাপত্তা ও বাণিজ্যকে কেন্দ্র করে চীন, বাংলাদেশ, ইরান, আফগানিস্তানসহ কয়েকটি দেশকে অন্তর্ভুক্ত করা যেতে পারে।
সূত্র বলছে, চীনের সাথে ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’–এ ঘনিষ্ঠ সম্পর্ক এবং পাকিস্তান-চীন কৌশলগত অংশীদারিত্বকে ভিত্তি করেই নতুন মৈত্রী জোট গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বাংলাদেশকে এই জোটে যুক্ত করতে পাকিস্তান কূটনৈতিকভাবে আগ্রহ দেখাতে পারে এমন ইঙ্গিতও পাওয়া গেছে। তবে ঢাকা এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
নতুন জোটটি বাস্তবে রূপ নেবে কি না, তা এখনো অনিশ্চিত। তবে ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে এর উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে।