বিশেষ প্রতিনিধি, nipon।।
উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে। তার শারীরিক অবস্থা এয়ার অ্যাম্বুলেন্সে স্থানান্তরের উপযোগী নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।
দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, খালেদা জিয়ার হৃদ্যন্ত্রের জটিলতা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। পাশাপাশি ডায়াবেটিস, কিডনি, ফুসফুসসহ অন্যান্য সমস্যা একই অবস্থায় রয়ে গেছে। বর্তমানে তাকে প্রতিদিন ডায়ালাইসিস করতে হচ্ছে। চিকিৎসকদের মতে, কিডনি কার্যক্ষমতা স্থিতিশীল না হলে তার সামগ্রিক শারীরিক অবস্থার উন্নতি সম্ভব নয়।
এই পরিস্থিতিতে সোমবার লন্ডনে নেওয়ার বিষয়ে বিএনপি বা পরিবারের পক্ষ থেকে নতুন কোনো উদ্যোগও দেখা যায়নি। কাতার আমিরের পক্ষ থেকে যে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর প্রক্রিয়া চলছিল, সেটিও আপাতত স্থগিত রাখা হয়েছে। জানা যায়, কাতার আমিরের উদ্যোগে জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে এবং গত শনিবার ঢাকায় অবতরণ ও উড্ডয়নের অনুমতিও নেয়। তবে নির্ধারিত সূচি পরিবর্তন হওয়ায় ফ্লাইটটি আর আসছে না।
বেবিচক সূত্র জানিয়েছে, শনিবারের আবেদনে মঙ্গলবার ঢাকায় অবতরণ ও বুধবার লন্ডনের উদ্দেশে উড্ডয়নের সময়সূচি চাওয়া হয়েছিল।
এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান প্রতিদিনই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসা তদারকি করছেন। মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে তিনিও চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করছেন বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
চিকিৎসকদের মতে, খালেদা জিয়ার জন্য আগামী কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৮০ বছর বয়সী এই নেত্রী দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছেন। ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে।