বিশেষ প্রতিনিধি, nipon।।
অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা যুব ও ক্রীড়া, সমবায় ও স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম – তাদের পদ থেকে পদত্যাগ করেছেন।
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বুধবার ( ১০ ডিসেম্বর ) সন্ধ্যা সোয়া ছয়টায় যমুনায় একটি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে, যেখানে এই পদত্যাগ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।
আসিফ মাহমুদ পূর্বে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের বিষয়ে বলেন, “এটা আমার বলার এখতিয়ার নেই, সেটা মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হবে। এজন্য একটু অপেক্ষা করতে হবে।” তিনি জানান, তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন, তবে কোন স্থান থেকে বা কোন দল থেকে তা এখনও স্পষ্ট করেননি। জানা গেছে, তিনি ঢাকা-১০ এলাকা থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন।
আসিফ মাহমুদ গত বছরের ৮ আগস্ট ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। প্রথমে তিনি শ্রম উপদেষ্টা ছিলেন, পরে যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
অন্যদিকে, মাহফুজ আলম প্রথমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করলে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ গ্রহণ করেন।