বিশেষ প্রতিনিধি, nipon।।
নির্বাচন বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই। এমনটই বললেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার ( ১২ ডিসেম্বর ) বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
প্রেস সচিব বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছেন।
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবে এবং আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর চেষ্টা করবে, তাদের কঠোর হাতে দমন করা হবে। অনৈতিক দাবি তুলে নির্বাচন বানচালের চেষ্টা করলেও সরকার কঠোর ব্যবস্থা নেবে।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, যারা পতিত স্বৈরাচারের দল, তারা নিজেরাই নির্বাচন থেকে সরে গেছে। তারা বলেছিলো, পলিটিক্যালি আন্দোলন করবে কিন্তু তা না করে রাইফেল–পিস্তল নিয়ে নেমেছে বাচ্চা ছেলেদের খুন করতে।
তিনি আরও বলেন, তারা ভেবেছিলো, অনেক মানুষকে খুন করলে যেমন ১৫ বছর সবাই চুপ ছিলো, আরও ১৫ বছর তেমন চুপ থাকবে। কিন্তু এখন নিজেরাই নিজেদের বাইরে করে দিয়েছে।
প্রেস সচিবের এসব মন্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে এখন নজর ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতির দিকে।