বিশেষ প্রতিনিধি, nipon।।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
শনিবার ( ১৩ ডিসেম্বর ) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত সাক্ষাৎকারে ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দীক, বোন মাসুমা এবং ইনকিলাব মঞ্চের তিন নেতা আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা ও মো. বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, “সারাদেশ তার জন্য দোয়া করছে। তার শারীরিক অবস্থা বিবেচনায় দেশের বাইরে পাঠানোর প্রয়োজন হলে সেখানেও চিকিৎসার ব্যবস্থা করা হবে।”
ওসমান হাদির বোন মাসুমা বলেন, ছোটবেলা থেকেই সে দেশকে ভালোবাসত এবং বিপ্লবী মনোভাবের অধিকারী ছিল। তার একটি ১০ মাসের সন্তান আছে। ওসমান আমাদের মেরুদন্ড।
ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবের অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানান। তিনি বলেন, ৫ই আগস্টের পর ওসমান হাদি বাসায় ফিরে যাননি। যে ছেলেটি গুলি করেছে, সে আগে একটি মামলায় গ্রেফতার হয়েছিল, কীভাবে জামিন পেয়েছে তা তদন্ত করা উচিত।
ফাতিমা তাসনিম জুমা যোগ করেন, জুলাই যোদ্ধাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে।
প্রধান উপদেষ্টা বলেন, এ ধরনের নৃশংস হামলায় জড়িত পুরো চক্রকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেপ্তারে সক্রিয়ভাবে কাজ করছে। ইতোমধ্যেই পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
এসময় আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন।