বিশেষ প্রতিনিধি, nipon।।
জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট: ফেজ-২’ চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শনিবার ( ১৩ ডিসেম্বর ) রাজধানীর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযান আরও জোরদার করতে এবং ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে কোর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ‘অপারেশন ডেভিল হান্ট: ফেজ-২’ অবিলম্বে কার্যকর করা হচ্ছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা আগ্নেয়াস্ত্র চাইলে যথাযথ প্রক্রিয়ায় লাইসেন্স দেওয়া হবে। পাশাপাশি, যাদের অস্ত্র সরকারের কাছে জমা রয়েছে, তাদের অস্ত্রও ফেরত দেওয়া হবে।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তার নিরাপত্তা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
সংবাদ সম্মেলনে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, অন্তর্বর্তী সরকার জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া জুলাই যোদ্ধা ওসমান হাদির ওপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে এবং কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি দাবি করেন, ওসমান হাদির ওপর হামলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার একটি অপপ্রয়াস। নির্বাচন বানচালের যেকোনো চেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।