বিশেষ প্রতিনিধি, nipon।।
পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার আহবান জানিয়ে ধারাবাহিক উসকানিমূলক বক্তব্য দেয়ার সুযোগ দেয়ায় ভারতীয় হাইকমিশনার তলব করা হয়।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ পক্ষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দ্রুত বাংলাদেশের কাছে প্রত্যর্পণের আহবান পুনর্ব্যক্ত করে।
এছাড়া আসন্ন জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের বিষয়েও ভারতীয় হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হয়। এসব অপরাধমূলক তৎপরতা বন্ধ করে সংশ্লিষ্টদের দ্রুত বাংলাদেশে প্রত্যর্পণের আহ্বান জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় জড়িত সন্দেহভাজনরা ভারতে পালিয়ে যেতে পারে—এ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
এ বিষয়ে সীমান্ত নজরদারি জোরদার এবং কেউ ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে তাদের গ্রেপ্তার করে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়।
বাংলাদেশ সরকার আশা প্রকাশ করে বলেছে, প্রতিবেশী দেশ হিসেবে ভারত ন্যায়বিচার সমুন্নত রাখা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষায় বাংলাদেশের জনগণের পাশে থাকবে।
এদিকে বৈঠক শেষে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে ভারত এবং এ লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে দেশটি।