বিশেষ প্রতিনিধি, nipon।।
রাজধানীর উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে তাকে আদালতে তোলা হলে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার ইন্সপেক্টর মুনিরুজ্জামান এ আবেদন করেন।
রিমান্ড আবেদনের বিষয়ে আদালতে শুনানি হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক শামীম।
এর আগে রোববার রাতে জিজ্ঞাসাবাদের জন্য আনিস আলমগীরকে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। তিনি নিজেই বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে রোববার রাত সাড়ে আটটার দিকে মোবাইল ফোনে জানান, তিনি ডিবি কার্যালয়ে অবস্থান করছেন।
আনিস আলমগীর জানান, রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ধানমন্ডি এলাকার একটি জিম থেকে তাকে নিয়ে যাওয়া হয়। রাত আটটার দিকে তিনি ডিবি কার্যালয়ে পৌঁছান। সেখানে তাকে জানানো হয়, ডিবিপ্রধান তার সঙ্গে কথা বলবেন।
এ বিষয়ে সোমবার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে ডিএমপির ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার করেছে ডিবি। এ মামলায় আনিস আলমগীরসহ মোট পাঁচজনকে আসামি করা হয়েছে।