বিশেষ প্রতিনিধি, nipon।।
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড থেকে সাজা বাড়িয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে প্রসিকিউশন। সোমবার ( ১৫ ডিসেম্বর ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।
তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর দেওয়া রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করা হয়েছে। আইন অনুযায়ী, ৬০ দিনের মধ্যে এই আপিল নিষ্পত্তির বিধান রয়েছে। প্রসিকিউশন আশা করছে, নির্ধারিত সময়ের মধ্যেই আপিলের শুনানি ও নিষ্পত্তি হবে। অবকাশকালীন ছুটির পর বিষয়টি চেম্বার আদালতে উপস্থাপন করা হবে।
এর আগে, গত ২৭ নভেম্বর এক সংবাদ সম্মেলনে গাজী এম এইচ তামীম জানিয়েছিলেন, মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ তিনজনের সাজার রায়ের অনুলিপি প্রসিকিউশন হাতে পেয়েছে। তিনি তখন বলেন, যে অভিযোগে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে, সেই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের ‘রাজাকার’ বলে উস্কানিমূলক বক্তব্য দেন শেখ হাসিনা। প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, তার সেই বক্তব্য ও নির্দেশনার পর রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আন্দোলনকারী আবু সাঈদ।
এই ঘটনায় দায়ের করা মামলায় গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড দেন।
তবে প্রসিকিউশনের দাবি, এই অপরাধের জন্য আমৃত্যু কারাদণ্ড যথেষ্ট নয়। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই ন্যায়বিচার নিশ্চিত করবে বলে মনে করে তারা।
উল্লেখ্য, একই মামলায় রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত।