বিশেষ প্রতিনিধি, nipon।।
পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে নয় মাসের রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। যুদ্ধের শেষ পর্যায়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগ দেয় ভারতীয় সেনাবাহিনী। এ কারণে ভারতও দিনটিকে নিজেদের বিজয় দিবস হিসেবে পালন করে।
তবে ইতিহাস বলছে, মূল বিজয়টি ছিল বাংলাদেশেরই। কারণ এই দিনেই বাংলাদেশ অর্জন করে তার কাঙ্ক্ষিত স্বাধীনতা।
বিজয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ফেসবুক পেজে একটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরকে ভারতের বিজয় দিবস হিসেবে উল্লেখ করেন। তবে সেখানে বাংলাদেশের নাম একবারও উল্লেখ করা হয়নি।
পোস্টে নরেন্দ্র মোদি লেখেন, বিজয় দিবসে, আমরা আমাদের সেই সাহসী সেনাদের স্মরণ করছি যাদের সাহসিকতা এবং আত্মত্যাগ ১৯৭১ সালে ভারতের এক ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল। তাদের দৃঢ় মনোবল এবং নিস্বার্থ সেবা আমাদের দেশকে রক্ষা করেছে এবং আমাদের ইতিহাসে একটি গৌরবান্বিত মুহূর্ত খোদাই করেছে।
এর আগে ভারতের সেনাবাহিনীও বিজয় দিবস উপলক্ষে একটি পোস্ট দেয়। সেখানে তারা মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা উল্লেখ করে জানায়, বিজয় দিবস শুধুমাত্র একটি তারিখ নয়, এটি ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ও চূড়ান্ত বিজয়ের প্রতীক।
পোস্টে আরও বলা হয়, মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামকে চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যায়। এই যুদ্ধ শুধু ভারতীয় সেনাবাহিনীর ইতিহাস নয়, দক্ষিণ এশিয়ার মানচিত্রও নতুন করে অঙ্কন করেছে এবং জন্ম দিয়েছে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশকে।
ভারতীয় সেনাবাহিনী আরও জানায়, ১৯৭১ সালের এই যুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর চালানো নৃশংসতা, অত্যাচার ও বর্বরতার অবসান ঘটে।